
পুরান ঢাকার সিক্কাটুলি শিশুপার্কে শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই। নেই কোনো খেলনা বা রাইড। এলাকার শিশুরা বলছে, তাদের সব সময় সেখানে খেলতেও দেওয়া হয় না।
গত সোমবার মাজেদ সরদার রোডের এই পার্কটিতে গিয়ে দেখা যায়, সাইনবোর্ডে শিশুপার্ক লেখা থাকলেও শিশুদের কোনো খেলনা বা রাইডের ব্যবস্থা সেখানে নেই। পার্কের মাঝামাঝি অংশে একটি টিনের ছাউনি। বাদবাকি অংশটুকু ফাঁকা পড়ে আছে। পার্কে প্রবেশপথের বাঁ দিকের দেয়াল ভেঙে পড়েছে। ভাঙা দেয়াল ঘেঁষে ডাস্টবিন রাখা। পার্কের সীমানা দেয়াল ও রেলিং রং-ওঠা, বিবর্ণ। ‘সিক্কাটুলি শিশুপার্ক’ লেখা সাইনবোর্ডটিই শুধু নতুন।
শিশুদের একটি দল পার্কের ভেতর ক্রিকেট ব্যাট দাঁড়িয়ে ছিল। তাদের একজন ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া হৃদয় হোসেন বলল, ‘আমাদের এইখানে খেলতে দেয় না। বলে আমরা খেললে মহিলাদের গায়ে বল লাগবে। কিন্তু বড় ভাইয়েরা যখন ফুটবল খেলে, তখন কিছু বলে না।’
মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আশিফুর রহমানেরও অভিযোগ, পার্কে তাদের খেলতে দেওয়া হয় না। সে বলল, ‘এখানে খেলতে চাইলে দারোয়ান মানা করে। বলে দৌড়াদৌড়ি করবা না। এখানে তো খেলার কোনো জিনিসও নাই। তাইলে খেলব কী? আমরা মাঠে যাই আর ফিরে আসি।’
পার্কে বিশ্রামের জন্য কিছু সিমেন্টের বেঞ্চ আছে। গতকাল গিয়ে দেখা যায়, বেঞ্চগুলোতে এলাকার প্রবীণেরা বসে আড্ডা দিচ্ছেন। এলাকার অধিবাসী মো. আলাউদ্দিন বলেন, এলাকার নারী-পুরুষদের সকালে হাঁটার জায়গা হিসেবেই এখন পার্কটি মূলত ব্যবহৃত হচ্ছে। আর দুপুরের দিকে ‘মুরব্বিদের’ আড্ডা জমে। তিনি বলেন, ‘পার্কের পরিবেশটা সুন্দর হইলে মহল্লার বাচ্চাদের একটা বিনোদনের জায়গা হইতো।’ এলাকাবাসীর দাবি, পার্কটি সংস্কার করে শিশুদের উপযোগী করা হোক। কারণ, এই এলাকায় শিশুদের খেলার কোনো মাঠ নেই।
সিক্কাটুলি শিশুপার্ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত৷
এ বিষয়ে জানতে গত সোমবার ও গতকাল মঙ্গলবার এই ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়৷