শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষায় আলোকিত করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে লায়ন্স ক্লাব। এর মধ্যে রয়েছে অসহায় শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট গঠন, বস্তিবাসী শিশুদের জন্য স্কুল কার্যক্রম ও বৃত্তি প্রদান।
গতকাল সোমবার চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান লায়ন্স জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের গভর্নর মোস্তাক হোসাইন। সংগঠনের ১৯তম বার্ষিক কনভেনশন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। ২০ ও ২১ মে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।
সভায় মোস্তাক হোসাইন বলেন, ‘আমরা এ বছর উৎকর্ষের জন্য শিক্ষার ডাক দিয়েছিলাম। তা সফল করে তুলতে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছি। তবে অন্ধত্ব নিবারণ, দুর্যোগ প্রতিরোধ, প্রতিবন্ধীদের উন্নয়নসহ অন্যান্য নিয়মিত কার্যক্রমগুলো পরিচালনা করা হয়েছে।’
সভায় সভাপতিত্ব করেন লায়ন এ এইচ এম কফিল উদ্দিন। শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক তছলিম উদ্দিন চৌধুরী, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, জনকণ্ঠ-এর ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, ফিন্যানন্সিয়াল এক্সপ্রেস-এর ব্যুরোপ্রধান পংকজ দস্তিদার, নিউ এজ-এর ব্যুরোপ্রধান নুরুল আলম প্রমুখ।