শিশুরা শিখল ও শেখাল সড়কে চলাচলের নিয়ম

শ্রীপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
শ্রীপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

সড়কের কোন পাশ দিয়ে হাঁটতে হবে, কোন অংশ দিয়ে কখন কীভাবে পার হতে হবে—এসব বিষয়ে শিশুরা শিখল। এরপর পরীক্ষায় অংশ নিয়ে সব প্রশ্নের ঠিক ঠিক উত্তরও দিল। সড়কে চলাচলের নিয়মকানুন অন্যদেরও শেখাল।

এই শিশুরা গাজীপুরের শ্রীপুর উপজেলার মোহাম্মদ আলী একাডেমির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ব্র্যাক পরিচালিত সড়ক নিরাপত্তা কর্মসূচিতে এক বছর অংশ নিয়ে এসব বিষয়ে শিখেছে। গতকাল সোমবার তারা পরীক্ষায় অংশ নেয়। একইভাবে উপজেলার আরও ২৩টি স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার বলে, সব সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে। রিকশায় বসার সময় শক্ত করে ধরে বসতে হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে। একই শ্রেণির ওয়ালিদ হোসেন বলে, কখনো লালবাতির সিগন্যাল অতিক্রম করা যাবে না। গাড়ি চালানোর সময় চালকের সঙ্গে কথা বলা যাবে না। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। মোটরসাইকেলের সব আরোহীকেই হেলমেট পরতে হবে। চতুর্থ শ্রেণির তামিম আহমেদ বলে, রাতে সড়ক অন্ধকার থাকলে টর্চলাইটের আলো ফেলে চলতে হবে।

ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদুল হাসান বলে, ফুটপাতবিহীন সড়কে চলাচলের সময় ছোটদের হাত ধরে হাঁটতে হবে। এতে দৌড়ে দুর্ঘটনার শিকার হওয়ার হাত থেকে রক্ষা পাবে ছোটরা। একই শ্রেণির মাহিম বলে, দাঁড়িয়ে থাকা কোনো গাড়ির সামনে বা পেছন দিয়ে হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়া যাবে না। সড়কের ডানে-বাঁয়ে দেখে সতর্কতার সঙ্গে পার হতে হবে।

অভিভাবক বাচ্চু মিয়া বলেন, ‘সাধারণত সড়কের বাঁ দিক দিয়ে হাঁটতে হবে বলে জেনে এসেছি। আমার সন্তানের কাছ থেকে জানতে পারলাম, সড়কে নিরাপদে চলতে হলে ডান দিক দিয়ে হাঁটতে হবে। জেব্রা ক্রসিং চিহ্নিত স্থান দিয়ে সড়ক অতিক্রম করতে হবে। জেব্রা ক্রসিং না পেলে ডানে-বাঁয়ে দেখে সড়ক পার হতে হবে।’ আরেক অভিভাবক মুন্নী আক্তার বলেন, ‘নিরাপদ সড়কের বিষয়ে সন্তানের কাছ থেকে শুনেছি। নিজেরও অনেক জানার প্রয়োজন রয়েছে বলে উপলব্ধি করছি।’ অভিভাবক ফারহানা আক্তার বলেন, যাঁরা সড়কে চলাচল করেন তাঁদের প্রত্যেককেই সড়ক চলাচলের নিয়মকানুন জেনে ও মেনে চলা উচিত। এতে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

মোহাম্মদ আলী একাডেমির পরিচালক রেজানুর রহমান বলেন, সড়ক নিরাপত্তার ব্যাপারে তাঁর বিদ্যালয়ের ৩৯৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণ লাভ করেছে। এক বছর ধরে প্রতি শ্রেণিতে প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি ক্লাসে ফ্লিপ চার্ট স্থাপনের পাশাপাশি নিয়মিত ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে তোলা হয়। গতকাল একাডেমির শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা কর্মসূচির পরীক্ষায় অংশ নিয়ে সবাই পূর্ণ নম্বর পেয়েছে। ফলে নয়জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এ কে এম খায়েরুজ্জামান বলেন, দেশে চারটি উপজেলাকে এ কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ। তিনি জানান, শ্রীপুরের ২৪টি স্কুলের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক মোস্তফা কামাল বলেন, প্রকল্পটির মেয়াদ এখন শেষের দিকে। ফলাফল মূল্যায়ন করে এর ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।