বরগুনার তালতলী উপজেলায় ১১ বছরের শিশু রবিউল আউয়াল হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ১৯ মে আলোচিত এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর ওই দিন বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আবু তাহের ২৬ মে রায়ের দিন ধার্য করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে মামলার বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপিত হয়।
গত বছর ৩ আগস্ট মাছ চুরির অপবাদ দিয়ে তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের দুলাল মৃধার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রবিউলকে পিটিয়ে হত্যার পর লাশ খালে ফেলে রাখা হয়। পরের দিন তালতলী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।