তীব্র শীতে খোলা আকাশের নিচে কষ্টে আছে ধলপুর সিটি কলোনির পাঁচ শতাধিক মানুষ। গত বৃহস্পতিবার সকালে এই বস্তিতে আগুন লেগে এসব মানুষ সহায়-সম্বল হারিয়েছে। এদের কেউ কেউ আশপাশের বস্তিতে ও মসজিদে রাত কাটায়। তবে, বেশির ভাগ অগ্নিদুর্গতকেই রাত কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে পলিথিন, বিছানার চাদর বা কাঁথা টানিয়ে।গতকাল শুক্রবার থেকে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন তাদের তিনবেলার খাবার সরবরাহ করছে। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ধলপুরে গিয়ে কম্বল বিতরণ করেন। গতকাল সেখানে ৭২টি পরিবারের মধ্যে শিশু ও নারীদের শীতের কাপড় ও কম্বল বিতরণ করেছে প্ল্যান বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা। শীত থেকে বাঁচতে আগুন জ্বালানোর পর ছাই থেকে গত বৃহস্পতিবার সিটি কলোনি বস্তিতে আগুন লাগে বলে জানা গেছে।