প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যকে এই অঞ্চলের প্রধান শত্রু হিসেবে আখ্যায়িত করে তা বিমোচনের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বুধবার বিকেলে গণভবনে সফররত ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালথানওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।তাঁরা শেখ হাসিনার প্রাজ্ঞ ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ২০১০ সালে শেখ হাসিনার ভারত সফর এবং ৬ সেপ্টেম্বর ২০১১ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তাঁরা বলেন, শেখ হাসিনার উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে।