শ্রমিক লীগের গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শাখার সহসভাপতি সাইদুর রহমানকে মারধর করে তাঁর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছেন আওয়ামী লীগের কর্মীরা। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল বুধবার ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার বিশ্বাসপাড়া এলাকার আনিছুর রহমান, মো. সজীব হোসেন ও রানা মিয়া।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর গতকাল সকাল ১০টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ব্যবসার কাজে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় যান। এ সময় আনিছুরের নেতৃত্বে ছয় আওয়ামী লীগের কর্মী সাইদুরকে মারধর করে তাঁর গাড়ি ভাঙচুর করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।পরে আনিছুর, সজীব, রানা, ইরাক, ইরান ও লাল মিয়া নামের ছয়জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন। এঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।