শ্রীপুরে সংঘর্ষে একজন নিহত

বিদ্যুতের খুঁটি বসানোর ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিশ্চিন্তপুর ফাউগান এলাকায় গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, বেলা আড়াইটার দিকে নিশ্চিন্তপুর ফাউগান এলাকার বজলুর রহমানের জমিতে একই এলাকার মোমিন মিয়া ও জালাল বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টা করেন। এ সময় বজলুর রহমানের ছেলে আক্তার তাঁদের খুঁটি বসাতে বাধা দেন। এ নিয়ে একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আক্তার হোসেন মারা যান এবং তাঁর দুই ভাই বকুল ও হুমায়ুন কবির গুরুতর আহত হন।