শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার ৪৮টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গারো পাহাড়ের বালিজুড়ি উচ্চবিদ্যালয়ের পেছনের একটি হলুদের খেত থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এ নিয়ে চলতি বছর পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদীর গারো পাহাড় থেকে ছয় দফায় দুই হাজার ৪৬৫টি গুলি উদ্ধার করলেন।পুলিশ জানায়, পুলিশের একটি দল গতকাল ভোরে ওই হলুদের খেতে প্লাস্টিকের একটি ছোট বস্তা দেখতে পায়। এ সময় তারা বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় চায়নিজ রাইফেলের ৪৮টি গুলি উদ্ধার করে।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগে গত ৯ মে ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রাম থেকে পুলিশ ৯৯৫টি, ১৭ মে গজনি থেকে পুলিশ ৩৬৭টি, ২৯ জুলাই গজনি থেকে বিজিবি ২৯০টি, ১৩ সেপ্টেম্বর পশ্চিম গান্ধীগাঁও গ্রাম থেকে বিজিবি ২৫০টি ও ১৬ সেপ্টেম্বর গান্ধীগাঁও গ্রাম থেকে পুলিশ ৫১৫টি গুলি উদ্ধার করে।