গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় গতকাল দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া (৪০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে টাঙ্গাইল থেকে একটি বালুভর্তি ট্রাক গাজীপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা মালামালভর্তি একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচালক সুজন ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ট্রাক দুটি আটক করে। কোনাবাড়ী হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।