রাজধানীর মিরপুরে গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সৈয়দা হাবিবা মুস্তারিন (২২) নামের এক আইন কলেজের ছাত্রী আহত হয়েছেন। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মিরপুর ২ নম্বরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব আইন মহাবিদ্যালয়ের ছাত্রী মুস্তারিন রাত সাড়ে আটটার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিরছিলেন। চার সন্ত্রাসী মিরপুর ১ নম্বরের কাছে মুস্তারিনের ওপর হামলা চালায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে আসেন। মুস্তারিনের অবস্থা সংকটজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।