সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর নগরের মেডিকেল মোড়ে মহাসড়কের কাছে মানববন্ধন করে। এতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক–শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন l ছবি: প্রথম আলো
দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল স্বাধীনতা চিকিৎসক পরিষদ রংপুর নগরের মেডিকেল মোড়ে মহাসড়কের কাছে মানববন্ধন করে। এতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক–শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন l ছবি: প্রথম আলো

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি চলছেই। গতকাল বৃহস্পতিবার সিলেট ও রংপুরে কর্মশালা ও মানববন্ধন করে এই অপশক্তিকে মোকাবিলা করতে সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিলেটে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। সেখানে বক্তারা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাজনীতিবিদ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জঙ্গিবাদবিরোধী মনোভাব জাগ্রত করার পক্ষে মত দেন। নগরের রিকাবিবাজারে জেলা পুলিশ লাইনসে শহীদ এসপিএম শামসুল হক মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. রেজাউল করিম, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদউদ্দিন আহমদ।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বলেন, ‘এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির জন্যই আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হলে জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।’

রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে গতকাল দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

রংপুরে মানববন্ধন করেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। দেশব্যাপী জঙ্গি হামলা, গুপ্তহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে এবং তা প্রতিরোধের আহ্বান জানিয়ে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও স্বাধীনতা নার্সিং পরিষদ।

নগরের মেডিকেল মোড়ে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী লাইজু সভাপতিত্ব করেন।