সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারে কার্যকর ব্যবস্থা প্রবর্তনের নির্দেশনা চেয়ে গতকাল রোববার একটি রিট আবেদন করা হয়েছে। আবেদনটি বাংলায় লেখা হয়েছে।
রিটে বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—মর্মে রুল চাওয়া হয়েছে। বাংলা ভাষা আইন সর্বত্র অনুসরণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ওই আইনের ৪ ধারা অনুসারে প্রয়োজনীয় বিধি জারি করার নির্দেশনা কেন দেওয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও স্বরাষ্ট্রসচিবসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ রিটটি করেন। পরে তিনি বলেন, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।