সব ধরনের পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে পাহাড় কাটার ক্ষেত্রে পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন এবং তা পর্যালোচনা করে পরিবেশগত ছাড়পত্র নিতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।আদালত থেকে বেরিয়ে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত রুল মঞ্জুর করে রায় দিয়েছেন। এ ছাড়া সব ধরনের পাহাড় কাটা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন।