নাজমা দৌলার স্মরণে ওয়েবিনার

সম্পদের স্পর্ধা কখনো তাঁকে স্পর্শ করেনি

নাজমা দৌলা
নাজমা দৌলা

নাজমা দৌলা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারতেন। সততা, সরলতা, মমতার মতো গুণাবলি দিয়ে তিনি মানুষকে আপন করে নিতে পারতেন। তাঁর মধ্যে ছিল শুদ্ধতা। সম্পদের স্পর্ধা কখনো তাঁকে স্পর্শ করেনি।

দেশীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের পরিচালক নাজমা দৌলাকে স্মরণ করে আজ শুক্রবার এক ওয়েবিনারে তাঁর পরিবারের সদস্য, বন্ধু–স্বজন, রাজনীতিক, দেশি–বিদেশি শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা দেশ–বিদেশ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন।

গত ২৮ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নাজমা দৌলা মৃত্যুবরণ করেন।

ওয়েবিনারে বক্তব্য দেন নাজমা দৌলার স্বামী এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস–উদ–দৌলা, ছেলে আরিফ দৌলা, মেয়ে সুস্মিতা আনিস, পুত্রবধূ অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা, নাতি–নাতনিসহ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে নাজমা দৌলার প্রতি শ্রদ্ধা জানান, সাংসদ ও অভিনেতা আসাদুজ্জামান নূর, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ভারতের গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ ও ব্যবস্থাপনা পরিচালক নাদির গোদরেজ, যুক্তরাজ্যভিত্তিক স্ন্যাকিং প্রতিষ্ঠান প্ল্যাডিসের বৈশ্বিক প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) সালমান আমিন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড ডিভিনিটি স্কুলের অধ্যাপক জেমস ব্রাউন ও হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক নায়েন হি সে, সহজ ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাহিয়া কাদির, ব্রামার অ্যান্ড ক্যাপিটাল পার্টনারস প্রতিষ্ঠানের অংশীদার খালিদ কাদির, পাকিস্তান থেকে পারিবারিক বন্ধু হাসান ইমাম কাজমি ও আতিয়া কাজমি এবং ঢাকা থেকে পারিবারিক বন্ধু জুনেদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবারের সদস্য রুবাবা দৌলা।

এম আনিস–উদ–দৌলা বলেন, জীবন আল্লাহর উপহার। জীবনযাপন প্রক্রিয়া যার যার নিজস্ব দায়িত্ব। নাজমা দৌলা উচ্চমর্যাদা, সততা, মমতা ও সরলতা নিয়ে জীবন যাপন করেছেন।

মেয়ে সুস্মিতা আনিস বলেন, ‘মা ছিলেন বরফগলা ঠান্ডা পানির মতো। শান্ত, স্বল্পভাষী। মানুষকে তিনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারতেন।’

মা মানবিক দীক্ষায় বড় করে তুলেছেন উল্লেখ করে ছেলে আরিফ দৌলা বলেন, আজ বিশ্বের প্রয়োজনে বৈশ্বিক নেতা, ব্যবসায়ীদের এক হয়ে কাজ করতে হবে।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে শুনে বুঝতে পেরেছি নাজমা দৌলার মধ্যে সরলতা ও শুভত্ব ছিল। অন্য প্রাণীদের থেকে মানুষের ভিন্নতা হচ্ছে মানুষ নিজেকে অতিক্রম করে যেতে পারে।

সাংসদ আসাদুজ্জামান নূর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরণ উল্লেখ করে নাজমা দৌলার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘সম্পদের স্পর্ধা তাঁকে স্পর্শ করেনি।’