বিজয়নগর এলাকায় প্রায় ৫০ কোটি টাকা মূল্যের অবৈধ দখল করা সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর খন্দকার মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রমনা সার্কেল শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর সার্কেল তোফাজ্জল হোসেন ও ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জানান, অবৈধ দখল থেকে উদ্ধার করা এ ভূমি সরকারের রমনা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১৭০৯ নম্বর দাগের অন্তর্ভুক্ত। সিএস, আরএস ও সিটি জরিপে এটি সরকারের নামে।