নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ফটকের সামনে সড়ক দখল করে ছাত্রলীগ কর্মীরা মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে মার্কেট অপসারণ করতে ছাত্রলীগ কর্মীদের নোটিশ পাঠিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়ক ও অর্পিত সম্পত্তি দখল করে সেখানে মার্কেট নির্মাণ করেছেন উপজেলা ছাত্রলীগের কর্মী মেরাজ হোসেন ও তাঁর সহযোগীরা।সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন বলেন, ‘জায়গাটি সরকারের অর্পিত সম্পত্তি। আমরা জায়গাটি স্থানীয় টাইগার ক্লাবকে লিজ দিয়েছিলাম। কিন্তু অন্যায়ভাবে নিজেদের সম্পত্তি দাবি করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। গত মঙ্গলবার সরেজমিন তদন্ত করে মার্কেট অপসারণ করার জন্য আমরা নোটিশ দিয়েছি।’ ছাত্রলীগের কর্মী মেরাজ হোসেন বলেন, ‘স্থানীয় খাসনগর গ্রামের মহিউদ্দিন মিয়ার সম্পত্তিতে আমরা মার্কেট নির্মাণ করেছি।’ জমির মালিক দাবি করে মহিউদ্দিন মিয়া জানান, ‘এই জায়গার প্রকৃত মালিক আমি। কিন্তু ভুলবশত এ সম্পত্তি সরকারের অর্পিত সম্পত্তিতে নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছি।’ টাইগার ক্লাবের সভাপতি নূরে আলম বলেন, ‘জায়গাটি সরকারের অর্পিত সম্পত্তি। আমাদের নামে সরকার ওই জমি লিজ দিয়েছে। ক্ষমতা দেখিয়ে ছাত্রলীগের কর্মীরা জায়গা দখল করে মার্কেট নিমার্ণ করেছেন।’সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, সরকারের অর্পিত সম্পত্তি ও সড়ক দখল করে অবৈধভাবে এ মার্কেট নির্মাণ করা হচ্ছে। ওই স্থানে মার্কেট হলে পর্যটকেরা ভোগান্তিতে পড়বেন।: