সরকারের উন্নয়ন নীতি প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাধা: ওয়াহিদউদ্দিন মাহমুদ

অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ
ফাইল ছবি: প্রথম আলো

দেশের উন্নয়নে অনেক নীতি নেওয়া হয়েছে। এসব নীতি প্রান্তিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের সহায়ক না হয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। জাতিগতভাবে ভিন্ন হওয়ায় সরকারের উন্নয়নের ধ্যানধারণা তাঁদের কাছে পৌঁছে দেওয়া যায়নি। ফলে তাঁরা দরিদ্র বা প্রান্তিক থেকে গেছেন। দেশে উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নও জড়িত। তাঁদের জীবন–জীবিকা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্রাত্যজন রিসোর্স সেন্টারের (বিআরসি) যাত্রা শুরু অনুষ্ঠান ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এ সময় ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জাতিগত, শ্রেণিগত, গোষ্ঠীগত ভেদাভেদ খুবই কম। এ কারণে দেশে উন্নয়নের ধ্যানধারণা সহজেই মূলধারার কাছে পৌঁছে দেওয়া গেছে। ফলে খুব গরিব মানুষদেরও অনেকে অর্থনৈতিকভাবে উন্নতি করছে। কিন্তু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য একই ধরনের উন্নয়ন ধ্যানধারণাগুলো নিয়ে যাওয়া উচিত ছিল না। তাঁদের জন্য উন্নয়নের ধ্যানধারণাগুলো ঈষৎ পরিবর্তন করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে চিন্তা করা হয়নি।

বাংলাদেশের উন্নয়নে অনেক উন্নয়ন নীতি নেওয়া হয়েছে উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, ‘তা জাতিগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে সহায়ক না হয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। অথচ আমরা একদিকে পরিবেশ রক্ষার কথা বলি, বন, নদী ও পাহাড় এগুলো সংরক্ষণের কথা বলি। আপনাদের জীবন–জীবিকা এগুলোর সঙ্গে অনেকাংশে সম্পৃক্ত। এ কারণে মনে করি, পরিবেশ সংরক্ষণ আর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা যে ওতপ্রোতভাবে জড়িত, এই সংবেদনশীলতা এখনও সেভাবে তৈরি হয়নি। সরকারের নিজের উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গেই যে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন জড়িত এবং আপনাদের জীবিকার মাধ্যমে যে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, এটাকে সামনে তুলে আনতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে নিজেরা করির সমন্বয়ক খুশী কবির বলেন, সামনে জনশুমারি হচ্ছে। সেখানে চা জনগোষ্ঠী, হরিজন, বেদে, যৌনকর্মী, হিজড়া, কায়পুত্র, গারোসহ প্রান্তিক জনগোষ্ঠীগুলো যেন ভালোভাবে অন্তর্ভুক্ত হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমির জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় আজকের পত্রিকার সম্পাদক মো. গোলাম রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন জেরেমি অপ্রিটেসকো বলেন, ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমরা অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখব।’

প্রান্তিকীকরণ ও বৈষম্য বিশ্বের সব জায়গায় চলছে। এসব সমস্যা সমাধানে সবার একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরসির গবেষণা ও রিসোর্স উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী বাংলাদেশের সব ধরনের অধিকারের দাবিদার। তাঁদের সক্ষমতা ও চাহিদার বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরবে বিআরসি।

এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা কথা বলেন। সাতক্ষীরা থেকে আসা ঋষি সম্প্রদায়ের প্রতিনিধি পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন কুমার দাস বলেন, একসময় তাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিদ্যালয়ে ভর্তি হতে পারত না। এখন পারে। তবে তাঁদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গেলে কর্মচারী থাকা সত্ত্বেও তাদের দিয়ে শৌচাগার পরিষ্কার করানো হয়। এ ছাড়া সামাজিকভাবে তারা নানা ধরনের বঞ্চনার শিকার বলেও অভিযোগ করেন তিনি।

বিআরসির কর্মসূচি পরিচালক ফিলিপ গাইন বলেন, ‘প্রান্তিক ও সামাজিক সম্পর্ক থেকে বাদ পড়া মানুষদের নিয়ে ব্রাত্যজন কাজ করা শুরু করেছিল ১৯৯৩ সালে। তখন আমরা কাজ করতাম আদিবাসী জাতিসত্তা, অরণ্যচারী মানুষ, বনবিনাশ ও পরিবেশ নিয়ে। পরবর্তী সময়ে আমাদের কাজের পরিধি বেড়েছে। গত ১০ বছর ধরে প্রান্তিক জনগোষ্ঠীগুলো থেকে বেদে, হরিজন, ঋষি, কায়পুত্র, জলদাস, বিহারি জনগোষ্ঠী যুক্ত হয়েছে। তাঁরা সব মিলিয়ে প্রায় ৬০ লাখ মানুষ। এই ব্রাত্যজনদের কথাই আমরা বলব।’