ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। বোরো জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া ও নিজসরাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বোরো জমিতে পানি দেওয়া নিয়ে গতকাল সকালে পাঠানপাড়া গ্রামের আবুল হাশেম ও নিজসরাইল গ্রামের আবদুল হকের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় আবদুল হকের লোকজন আবুল হাশেমকে পিটিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে উভয় গ্রামের লোকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবুল হাশেমকে জেলা সদর হাসপাতালে এবং মো. আইয়ুব হোসেন ও আবদুল হককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।