রংপুরের তারাগঞ্জ উপজেলায় এবার সরিষার ফলন ভালো হয়েছে। সরিষার দামও ভালো। প্রতি মণ সরিষা ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি করছেন কৃষকেরা। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮২০ একর জমিতে সরিষার চাষ হয়েছে। এবার ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় চাষিরা বেশ খুশি।
গত সোমবার তারাগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, চাষিরা ১ হাজার ৭০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা মণ দরে সরিষা বিক্রি করছেন।
মণ্ডলপাড়া গ্রামের কৃষক শিবপদ রায় বলেন, ‘আট হাজার টাকা খরচ করি এইবার মুই ১০০ শতক জমিত সরিষা গারছুনু। সরিষা পাছুন ২০ মণ। প্রতি মণ সরিষা ১ হাজার ৭০০ টাকা দামে ব্যাছাছুন ৩৪ হাজার টাকা। খরচ বাদ দিয়া লাভ হইছে ২৬ হাজার টাকা।’
রহিমাপুর গ্রামের কৃষক তাপস রায় জানান, আগে তিনি শুধু আলুর চাষ করতেন। কিন্তু তিন বছর ধরে সরিষা চাষ করে আলুর চেয়ে বেশি লাভ হয়েছেন। এ কারণে এখন তিনি জমিতে সরিষার চাষ করছেন। এ বছর দুই একর জমিতে সরিষার চাষ করে লাভ হয়েছে ৫৪ হাজার টাকা।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, আগে তারাগঞ্জের অনেক কৃষক আমন ধান তোলার পর জমি ফেলে রাখতেন। কিন্তু সরিষা চাষ শুরু হওয়ার পর চার-পাঁচ বছরের ধরে কৃষকেরা আর জমি ফেলে রাখছেন না। তাঁরা সরিষা চাষ করছেন। সরিষা তোলার পর ওই জমিতে বোরো ধানেরও আবাদ করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম গত মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নভেম্বর মাসে জমি চাষ করে সরিষা রোপণ করা হয়, তোলা হয় জানুয়ারি-ফেব্রুয়ারিতে। একরে ২০ থেকে ২৩ মণ পর্যন্ত সরিষা হয়ে থাকে। এ বছর ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় চাষির মুখে হাসি ফুটেছে।