প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, সহিংসতা গণতন্ত্রের কোনো ভাষা নয়। গণতন্ত্রে সহিংসতার কোনো সুযোগ নেই। সহিংসতাকারীরা সন্ত্রাসী। তারা কোনো দলের হতে পারে না। তারা মানবতার শত্রু।
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় পেট্রলবোমা হামলায় গুরুতর আহত হন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও একজন পুলিশ সদস্য। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের দেখার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।
ওই প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পুলিশ সদস্যের চিকিত্সার খোঁজ নেন রকিব উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘আহত ব্যক্তিরা রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা সরকারি-বেসরকারি কর্মকর্তা। তাঁরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতার শিকার হয়েছেন। আমরা দ্রুত তাঁদের সুস্থতা কামনা করছি। তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছি।’