ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দুই সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশন, সাংবাদিক ঐক্য ফোরামের নেতা ও কর্মীরা মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য দেন সুলতান উদ্দিন খান, জিয়াউদ্দিন আহাম্মেদ, আতাউল করিম খোকন প্রমুখ। বক্তারা নির্যাতন ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় হালুয়াঘাট থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা না নেওয়ার প্রতিবাদ জানানো হয়।গত সোমবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আওলাদ হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ইউএনও কার্যালয়ে ঢুকে টেন্ডার বাক্স ছিনিয়ে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে আওলাদ হোসেনকে আটক করে। এসব ঘটনার ছবি তুলতে গেলে যুগান্তর-এর সাংবাদিক হাতেম আলী ও সংবাদ-এর হুমায়ন কবির মানিককে পিটিয়ে আহত করেন আওয়ামী লীগের লোকজন।