সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশমাইলে গরম পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে একটি ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রিক্তা খাতুন (২)। সে উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।
হাফিজুর রহমান জানান, তিনি ও তাঁর স্ত্রী ত্রিশমাইল গ্রামের সফিকুল ইসলামের ধানের চাতালে ধান সেদ্ধ-শুকানোর শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল দুপুরে তাঁরা ধান সেদ্ধ করার জন্য পানি গরম করে একটি চৌবাচ্চায় ঢেলে রাখেন। এরপর মাছ কেনার জন্য পাশের বাজারে যান। এ সময় তাঁদের শিশুসন্তান রিক্তা খেলতে খেলতে চৌবাচ্চার গরম পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে গরম পানির মধ্য থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।