সাতক্ষীরার দেবহাটা থেকে গত বৃহস্পতিবার সকালে উদ্ধার করা কুমিরটি ওই দিন বিকেলে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন ও কুমির লালন-পালন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। তিন দিন ধরে কুমিরটি দেবহাটা গ্রামের একটি পুকুরে অবস্থান করছিল।
খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনপ্রহরী আজাদ কবির জানান, সুন্দরবন-সংলগ্ন দেবহাটা এলাকার আবদুল ছালেকের বাড়ির পুকুরে গত মঙ্গলবার থেকে একটি কুমির ভাসতে দেখেন বাড়ির ও আশপাশের লোকজন। পরে আবদুল ছালেক বিষয়টি বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান। এরপর ফরেস্ট রেঞ্জের লুৎফর পারভেজ ও তিনি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান। এলাকাবাসীর সহায়তায় পুকুরে জাল টেনে কুমিরটিকে উদ্ধার ও বিকেলে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন ও কুমির লালন-পালন কেন্দ্রে ছেড়ে দেন।