ঘন ঘন হরতালের কারণে সাপ্তাহিক সরকারি ছুটি বিদ্যমান দুই দিনের পরিবর্তে এক দিন করার বিষয়ে সরকারের বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এ ক্ষেত্রে কেবল শুক্রবার ছুটি রাখার বিষয়টি শোনা যাচ্ছে।তবে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম ও জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে গতকাল বুধবার বিকেলে বলেন, এখনো এ ধরনের সিদ্ধান্ত হয়নি।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করলে জানানো হয়, এ ধরনের উদ্যোগ এখন পর্যন্ত নেই। ঘন ঘন হরতালের কথা বিবেচনা করে এ রকম উদ্যোগ নেওয়া হতে পারে বলে সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা আছে।