
আজ ২০ মার্চ বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।
জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ কয়েকটি সংগঠন কর্মসূচি নিয়েছে। দলের পক্ষ থেকে আজ সকাল নয়টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া জিল্লুর রহমানের পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
‘জিল্লুর রহমান স্মৃতি পরিষদ ও জনতার প্রত্যাশা’-এর যৌথ উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভৈরবে দুই পক্ষের কর্মসূচি: ভৈরব থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ দিনব্যাপী পৃথক কর্মসূচি নিয়েছে। দুই পক্ষের এ আয়োজনে দল ও দলের বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বাধীন পক্ষ সকাল ছয়টায় দলীয় কার্যালয়ে কোরআন খতমের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করবে। এরপর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা হবে। এ ছাড়া কাঙালিভোজের আয়োজন করেছে এই পক্ষ।
অন্যদিকে সাধারণ সম্পাদক আবুল মনসুরের পক্ষ সকালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে মিলাদ মাহফিল এবং আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে।