
রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদসহ চারজনের বিরুদ্ধে এনআরবি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় মো. সাহেদ ছাড়া অন্য আসামিরা হলেন রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার সোহানুর রহমান ও একই ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে এনআরবি ব্যাংক থেকে ২০১৪ সালের ৯ নভেম্বর থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সুদসহ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ টাকা আত্মসাৎ করেন।