সাড়ে ১২টা পর্যন্ত টাকা নিয়েছেন ২৮ শ্রমিক-কর্মচারী

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আজ পাওনা টাকা নিতে এসেছেন তোবার শ্রমিকেরা। ছবি: সাহাদাত পারভেজ
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আজ পাওনা টাকা নিতে এসেছেন তোবার শ্রমিকেরা। ছবি: সাহাদাত পারভেজ

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আজ বুধবার দুই মাসের বেতনের টাকা নিতে এখন পর্যন্ত ২৮ জন শ্রমিক ও কর্মচারী এসেছেন।
সকাল নয়টা থেকে পোশাক কারখানার মালিকদের ওই সংগঠনের কার্যালয় থেকে এ টাকা দেওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিচ্ছিন্নভাবে ওই ২৮ শ্রমিক-কর্মচারী টাকা নিতে এসেছেন।
এখন পর্যন্ত তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ১১ জন শ্রমিক ও ১৭ জন কর্মচারী রয়েছেন।
তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান তোবা ফ্যাশন, মিতা ডিজাইন, তোবা টেক্সটাইল, তাইফ ডিজাইন ও বুকশন গার্মেন্টসের এক হাজার চার শর বেশি শ্রমিকের তিন মাসের বেতন-বোনাস বকেয়া রয়েছে।
টাকা দেওয়ার সময় সকাল নয়টা নির্ধারণ করা হলেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পিছিয়ে ১০টা করা হয়।
বিজিএমইএ ভবনের নিচতলায় টাকা দিতে ১৬টি দল প্রস্তুত রয়েছে।
শ্রমিকদের আনতে উত্তর বাড্ডা এলাকায় মাইকিং করা হয়েছে। সকাল আটটার দিকে শ্রমিকদের আনতে ছয়টি বাস পাঠানো হয়েছে।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম জানান, তাঁরা টাকা নিয়ে প্রস্তুত। শ্রমিকেরা এলেই টাকা দেওয়া শুরু করবেন। শ্রমিকদের আনার জন্য শিল্প প্রতিমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, স্থানীয় সাংসদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সহায়তা চাওয়া হয়েছিল।

আজকের মধ্যে শ্রমিকেরা টাকা নিতে না এলে বিজিএমইএ থেকে আর টাকা দেওয়া হবে না বলে জানান তিনি।

বিজিএমইএ ভবনে টাকা নিচ্ছেন তোবার শ্রমিকেরা