সিএমএইচে চিকিৎসাধীন বিদেশিসহ চারজন

রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হাতে জিম্মি​ থাকাদের মধ্যে চারজন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে দুজন শ্রীলঙ্কান, একজন জাপানি ও আরেকজন র‍্যাবের কর্মকর্তা।

সিএমএইচের জরুরি বিভাগের রেজিস্টার্ড খাতা থেকে দেখা গেছে, শ্রীলঙ্কান হানিকেস ও সামা স্বামী-স্ত্রী। আর জাপানের কামারা ওয়াতানাবে ঢাকায় দুটি মেট্রোরেল নির্মাণ সমীক্ষা দলের প্রধান। বাংলাদেশি একজন হচ্ছেন র‍্যাব-১-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ। তাঁদের সিএমএইচে আনার পরই অস্ত্রোপচার কক্ষে থিয়েটারে পাঠিয়ে দেওয়া হয়।

সিএমএইচে গিয়ে দেখা যায়, র‍্যাব কর্মকর্তার আত্মীয়স্বজনদের অনেকে অস্ত্রোপচার কক্ষের সামনে অপেক্ষা করছেন। 

জাপানি নাগরিকের জন্য অপেক্ষায় ছিলেন মেট্রোরেলের সমীক্ষা দলের বাংলাদেশি এক কর্মকর্তা। তবে তিনি কোনো কথা বলতে চাননি।

এক চিকিৎ​সক জানালেন, জাপানি নাগরিকের চোয়াল-মুখে আঘাত। অস্ত্রোপচার শুরুর জন্য রক্ত জোগাড় করতে চলছিল ছোটাছুটি।