পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিনিয়োগকারীরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে বিক্ষোভ করেছেন। পরে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের কয়েকজন নেতা সিএসই সভাপতির সঙ্গে দেখা করেন।প্রত্যক্ষদর্শী ও বিনিয়োগকারীদের সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিনিয়োগকারীরা সিএসই কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় তাঁরা রাস্তায় বসে পড়েন। পরে ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আসলাম মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী ও এম এ কাদেরকে সিএসইর সভাপতি ফখরুদ্দিন আলীর সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়া হয়।এ সময় ফোরামের নেতারা সিএসই সভাপতির কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। বিনিয়োগকারীদের দাবির মধ্যে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের দাবিও রয়েছে।সিএসই সভাপতি ফখরুদ্দিন আলী ফোর্স সেলের কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সিএসইর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।