সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে ট্রাকের চাপায় মনিরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে মহাসড়কের সয়দাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মনিরুল ইসলামের বাড়ি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা কৃষ্ণপুর গ্রামে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। এ সময় তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, বেলকুচিগামী একটি বালুবোঝাই ট্রাক সয়দাবাদ মোড়ে মনিরুলকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।