সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাচলিয়া বাজারে গতকাল সোমবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় অর্ধশত দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষের কারণে সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পাচলিয়া বাজারের দোকানি বাবলু হোসেন তাঁর দোকানের পাশের রাস্তায় বেড়া দেন। এই রাস্তা দিয়ে পাশের আলোকদিয়া, হোরগাঁতি ও তারুটিয়া গ্রামের লোকজন পাচলিয়া বাজারে যাতায়াত করতেন। গত শনিবার আলোকদিয়া গ্রামের জাকির হোসেন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেড়া সরিয়ে ফেলেন। এ ঘটনায় বাবলুর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে জাকিরকে মারধর করা হয়। এ নিয়ে রোববার সকালে গ্রামের মাতুব্বরদের নিয়ে সালিস বৈঠক হয়। কথা-কাটাকাটি হলে বৈঠক ভেঙে যায়।
গতকাল আলোকদিয়া, হোরগাঁতি ও তারুটিয়ার লোকজন একত্র হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পাচলিয়া বাজারে হামলা চালান। এ সময় পাচলিয়ার লোকজন তাঁদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষের সময় পাচলিয়া বাজারের ৫০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় তিনটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ সময় ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আহত শহিদুল ইসলাম (৩৫), হায়দার আলী (৪০), আজিজুল হক (৩০), ফিরোজ মিয়া (২২), হাসান আলী (৪০), আলামিন আলী (২৫) ও শাহিনুর আলমকে (২৬) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।