সিলেটে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের শাহজালাল উপশহরের ডি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এস এম শাহাব উদ্দিন (৫০)। তিনি বিস্ফোরক অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিদর্শক। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। পুলিশ সূত্রে জানা গেছে, ডি-ব্লকের ৪ নম্বর বাড়ির নিচতলায় বিস্ফোরক অধিদপ্তরের কার্যালয়। শাহাব উদ্দিন ওই ভবনের চতুর্থ তলায় তিনজন সহকর্মীকে নিয়ে থাকতেন। গতকাল সকাল সাতটার দিকে তিনি ছাদে গিয়ে ব্যায়াম করছিলেন। এ সময় পা ফসকে তিনি নিচে পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।