সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় গতকাল বুধবার বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ওসমানী নগরের এওলারতৈল গ্রামের দিলওয়ার আলী (২৭) ও সৈয়দপুর গ্রামের খালেদ আহমদ (২৬)। এ ছাড়া আহত মোটরসাইকেলের আরোহী আজাহারউদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল তিনটায় সুনামগঞ্জের ছাতক থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সিলেটের ওসমানী নগর থানার গোয়ালাবাজার থেকে সিলেটগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. চান মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।