‘নাশকতা ঠেকাতে সম্প্রীতির বন্ধনই সবচেয়ে শক্তিশালী। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলমান ভাই ভাই। সম্প্রীতি রক্ষায় ভাইয়ের বন্ধনের চেয়ে শক্তিশালী আর কিছু নেই। দেশজুড়ে হিন্দুধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে হামলা-ভাঙচুরের ঘটনা রুখতে গড়ে তুলুন ভাইবন্ধন।’সিলেট সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের কর্মীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী ভাইবন্ধন কর্মসূচি পালনের সময় এ আহ্বান জানান। নগরের রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান ফটকের সামনে থেকে নাইওরপুল মোড়ের এক পাশ পর্যন্ত ‘সাম্য, সম্প্রীতির ভাইবন্ধনে জাগ্রত হোক বাংলাদেশ’—এই ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত চলে এ কর্মসূচি।