দুই বছর আগে সীতাকুণ্ডের বিএম ডিপোতে চাকরি নিয়েছিলেন তরুণ নুরুল কাদের। চাকরির প্রতি তাঁর আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামেরই আরেক উপজেলা বাঁশখালীতে। সাপ্তাহিক ছুটি সামনে রেখে বাড়ি গিয়ে সময়মতো কাজে ফিরতেন তিনি। ৪ জুন শনিবার রাতে যখন ডিপোতে আগুন লাগে, তার কয়েক ঘণ্টা আগে বাড়ি থেকে সেখানে ফিরেছিলেন তিনি।
ওই রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন ২২ বছরের নুরুল কাদের। তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আট দিন হাসপাতালের বিছানায় কাটানোর পর রোববার মৃত্যুর কাছে হার মানলেন তিনি।
নুরুল কাদের ছিলেন বিএম কনটেইনার ডিপোর শ্রমিক। মেকানিক্যাল বিভাগে কাজ করতেন তিনি। বাড়ি বাঁশখালী উপজেলার পূর্ব চেচুরিয়া এলাকায়। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট কাদের। এ কারণে তিনি সবার আদরের।
বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর নগরের পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল কাদের। সেখানে বিনিদ্র রাত কেটেছে তাঁর ভাইদের। তাঁদের আশা ছিল, ভাই ফিরে আসবেন। কিন্তু আজ বেলা ১টা ৫৭ মিনিটে কাদেরের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
এ সময় বড় ভাই মো. আজাদ বিলাপ করে বলতে থাকেন, ‘আশা দেখিয়ে কেন চলে গেলি রে ভাই! তুই কেমন করে চলে গেলি ভাই? আমার মন তো কিছুতেই বুঝতে পারছে না। তকদিরে কি এটাই ছিল?’
পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান বলেন, খুব মুমূর্ষু ছিল তাঁর অবস্থা। শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। রোববার বেলা দুইটার দিকে মারা যান তিনি।
মো. আজাদ বলেন, ‘চাকরিকে বেশি গুরুত্ব দিত আমার ভাই। কোনোভাবে অনুপস্থিত থাকত না। বলত, “ইঞ্জিনিয়ার আমাকে খুঁজবে।” সে ভাই আমার চলে গেল।’
হাসপাতালের বাইরে কাদেরের ভাই আজাদ, মা জাকেরা বেগমসহ স্বজনদের ভিড়। সবার চোখ ছলছল। নুরুল কাদেরের মরদেহ তখনো ভেতরে। মা জাকেরা বেগম আহাজারি করে শুধু বললেন, ‘আমার ছেলেটা পুড়ে কষ্ট পেয়েছে। আল্লাহর কাছে তুলে দিলাম ছেলেকে।’
সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক। কাদেরের আগে রোববার ভোরে ঢাকায় গাওছুল আজম নামের ফায়ার সার্ভিসের অপর এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও অন্তত ১০ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।