সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

চুয়াডাঙ্গা সীমান্তের পৃথক দুটি জায়গা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজ রোববার ভোরে দুই বাংলাদেশিকে আটক করেছে।

দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্ত ও জীবননগর উপজেলার বেণিপুর সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন নবা গেজ (৪০) ও ঝন্টু মিয়া (৩২)। তাঁদের মধ্যে নবা গেজের বাড়ি দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামে ও ঝন্টু মিয়ার বাড়ি জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বে​ণিপুর গ্রামে।


চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভারতে গরু কিনতে গিয়ে যাওয়ার পর বিএসএফের সদস্যরা তাঁদের আটক করে। নবা গেজকে মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর প্রধান খুঁটির এবং ঝন্টু মিয়াকে বে​ণিপুর সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের কাছ থেকে আটক করা হয়।


বিজিবি-৬-এর ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই গরু ব্যবসায়ী ভারতের ভেতরে অবৈধভাবে ঢুকলে বিএসএফ তাঁদের আটক করে।