ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) সীমিত পরিসরে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণে তারা ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতির হার এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আজ রোববার ইডব্লিউজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব দলের অংশগ্রহণে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বর্তমানে নেই। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। যে কারণে ইডব্লিউজি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে পরিস্থিতি যা-ই হোক না কেন, ইডব্লিউজি যে সব এলাকায় আগে থেকেই পর্যবেক্ষণ করে আসছে, সেখানে পর্যবেক্ষণের কাজ অব্যাহত রাখবে। এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি অনুকূল থাকলে স্বল্পসংখ্যক আসনে পর্যবেক্ষক পাঠানো হবে।