পুলিশি হেফাজতে নির্যাতন করে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানকে ২৮ মে কারাগার থেকে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা গতকাল বুধবার এ আদেশ দেন।
এর আগে চলতি বছরের ১৬ মার্চ আদালত আসামি পুলিশ কর্মকর্তা রাজকুমার, কনস্টেবল আসাদ ও রাশেদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল এ মামলায় আসামিদের গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
মামলায় অভিযোগ করা হয়, মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দিন ও এসআই জাহিদুর ক্ষমতার অপব্যবহার করে থানা হেফাজতে আটকে সুজনকে হত্যা করেন।