সুনামগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে বুধবার রাতে ডাকাতির হয়েছে। ডাকাত দলের হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।পুলিশ ও ব্যবসায়ীর পরিবার সূত্র জানায়, ওই ইউনিয়নের দরগাপাশা গ্রামের রড-সিমেন্ট ব্যবসায়ী মুত্তাকিম চৌধুরীর বাড়িতে সেদিন রাত ১১টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল হামলা করে। ডাকাতেরা পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ সাত লাখ ৩০ হাজার টাকা, সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। এ সময় ডাকাতেরা রাম দা দিয়ে কুপিয়ে হোসেন চৌধুরী, শান্তা চৌধুরী ও নুরুন্নেসাকে আহত করে। শান্তা ও নুরুন্নেসাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হোসেন চৌধুরী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা নেন।