সুন্দরবনে ১৫ জেলেকে অপহরণ, ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি

ছয় লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১৫ জন জেলেকে অপহরণ করেছে সুন্দরবনের বনদস্যু লাল্টু বাহিনী৷ এ সময় তিনটি মাছ ধরা ট্রলারও ছিনতাই করে নিয়ে যায়৷
গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের দাইগাং খাল থেকে তাঁদের অপহরণ করা হয়৷
দাবি করা টাকা তিন দিনের মধ্যে তাদের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে৷ তা না হলে জেলেদের খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে৷
অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রফিকুল গাজী (৪৫), আকবর আলী গাজী (৫২), আলিম গাজী (৫৪), মতিয়ার গাজী ও কালিঞ্চী গ্রামের মতিয়ার গাজীর (৪৩) নাম জানা গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।
জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অপহৃত হওয়ার পর জেলেরা বনদস্যুদের সঙ্গে মিটিয়ে নেয়৷ পুলিশকে সাধারণত জানায় না৷