সুপ্রিম কোর্টে ভাঙচুরের মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ

সুপ্রিম কোর্টে ভাঙচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বসির উল্লাহ। আদালত ২৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। গতকাল সুপ্রিম কোর্টের সাত কর্মকর্তা-কর্মচারী আদালতে জবানবন্দি দেন। তাঁরা হলেন জেমস রিচার্ড, রফিকুল ইসলাম, আবদুল মজিদ, মাইনুদ্দিন শরীফ, শফিউল্লাহ, মোছা. মরিয়ম ও আবদুল হাকিম।২০০৬ সালের ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কক্ষ ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় এ মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী ও শেখ আওসাফুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।