চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে স্কুলছাত্রী সুমাইয়া ইসলামকে (১৪) হত্যার কথা স্বীকার করেছেন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষক শরিফুল ইসলাম। এদিকে খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করেছেন। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে।সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম বিশ্বাসের ছোট মেয়ে ও স্থানীয় ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া গত মঙ্গলবার রাতে খুন হয়। এ ঘটনায় পুলিশ গত বুধবার সুমাইয়ার সাবেক গৃহশিক্ষক শরিফুলকে যুগীরহুদা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করেছেন শরিফুল।