সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় লাল সোনালু (জাভানিকা ক্যাশিয়া) নামক একটি ফুলগাছের চারা রোপণ করেন। এ সময় ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। বরাবরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে উৎসাহিত করা এই কর্মসূচির উদ্দেশ্য।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে স্টেশন সদর দপ্তর ঢাকা, ঢাকা ও মিরপুর সেনানিবাসে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার ৫ হাজার ৭৫৫টি গাছের চারা লাগানোর পরিকল্পনা আছে। গত বৃহস্পতিবার নির্ঝর আবাসিক এলাকার লেকের পাড়ে ২০০টি গাছ লাগানো হয়।
২০১৫ সালে ঢাকা সেনানিবাসে ১৮ হাজার ২৯৩টি ও ২০১৬ সালে ৬ হাজার ১৭০টি বিভিন্ন ধরনের গাছ রোপণ করে। এসব গাছের মধ্যে ৮০ ভাগ গাছ বেঁচে আছে। আইএসপিআর