সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুরে বাসার টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় তিনজন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চামারহাট এলাকার নিফল (৩০), তাঁর ভাই মদন (৩৫) ও তাঁদের মামাতো ভাই সন্তোষ (১৮)। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও নিহত মদনের স্ত্রী মুনা জানান, ওমরপুরের আলকাছ আলীর বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকের ভেতরে নামেন নিফল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাহায্য করার জন্য ট্যাংকের ভেতর মদন ও সন্তোষও নামেন। এতে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সেখানেই তিনজনের মৃত্যু হয়।