উদ্ধার হওয়া ১২টি সোনার বারের স্থলে ২০ বোতল ফেনসিডিল দেখিয়ে এক আসামির নেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। ওই আসামির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩ ডিসেম্বর (বুধবার) এ আদেশ দেন। এর আগে ১ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ জাহাঙ্গীর আলমের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন।
তথ্য জালিয়াতির মাধ্যমে ওই জামিন নেওয়া হয়েছিল জানিয়ে রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে শুনানির পর আদালত এ আদেশ দেন। একই সঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠন করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।