সৌদি আরবের রিয়াদে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশের সৌদি দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তিরা হলেন: ঢাকার নবাবগঞ্জের এরশাদ আলী, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী, টাঙ্গাইলের আবুল ও নুরুল ইসলাম এবং কিশোরগঞ্জের সোহেল মিয়া। একই দুর্ঘটনায় কানু ও মনির নামে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন। কানু ব্রাহ্মণবাড়িয়া ও মনির ঢাকার বাসিন্দা।
সৌদি দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।