নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে বাইপাস সড়কে গত শুক্রবার রাতে একটি দ্রুতগতির ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালক মো. হারুন ঘটনাস্থলেই নিহত হন।
রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হারুন কুমিল্লার মনোহরগঞ্জের আতরুজ্জামানের ছেলে। এ ঘটনায় অটোরিকশার আরও এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ওই অটোরিকশাটি সোনাইমুড়ী বাইপাস সড়কসংলগ্ন পেট্রলপাম্পের সামনে দিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিক থেকে চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে।