নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত ব্যক্তিরা হলো: আয়নাল, রাসেল, আল আমিন, আলেক মেম্বার, সবুজ, সেন্টু, তাহের ও কবির। পুলিশ জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে পয়লা বৈশাখ উপলক্ষে গত শুক্রবার রাতে স্থানীয় লোকজন কনসার্টের আয়োজন করে। এ সময় স্থানীয় আজিজুুল হকের ছেলে আয়নাল হক ও আলেক মেম্বারের ছেলে আল আমিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল দুপুরে তাঁদের মধ্যে দ্বিতীয় দফায় তর্কবিতর্ক হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে লাঠিসোঁটা, দা, টেঁটা, বল্লম, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।