নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসকে ২০১০ সোলারওয়ার্ল্ড আইনস্টাইন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে জার্মানিভিত্তিক কোম্পানি সোলারওয়ার্ল্ড এজি। গত সোমবার স্পেনের ভ্যালেন্সিয়া শহরে ২৫তম ‘ইউরোপিয়ান ফটোভল্টিক কনফারেন্স’-এ অধ্যাপক ইউনূসের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল বুধবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর ইউএনবির।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ শক্তি কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গ্রামীণ এলাকায় সৌরবিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এ ব্যাপারে সোলারওয়ার্ল্ডের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ফ্যাংক আসবেক বলেন, অর্থনীতি ও ব্যাংকিং খাতে সম্পূর্ণ নতুন ধরনের চিন্তাভাবনার প্রবর্তন করেছেন অধ্যাপক ইউনূস।এ পর্যন্ত প্রায় চার লাখ গ্রামীণ পরিবারে বিদ্যুতের ব্যবস্থা করেছে গ্রামীণ শক্তি। নবায়নযোগ্য এ শক্তি গ্রামের মানুষের টেলিভিশন দেখা, মুঠোফোন ব্যবহার করা, রাতে লেখাপড়া ও অন্যান্য কাজ করার সুযোগ করে দিয়েছে।